ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

প্রায় ২৫ দিন বন্ধ থাকার পর আজ থেকে সারাদেশে শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। চলছে মেইল, এক্সপ্রেস ও কমিউটার ট্রেন। এর আগে সোমবার (১২ আগস্ট) থেকে শুরু হয় মালবাহী ট্রেন চলাচল।


বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ নাহিদ হাসান জানান, ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলার সিদ্ধান্ত নেয়া হয়। আর ২৭ দিন বন্ধ থাকার পর ১৫ আগস্ট থেকে সারাদেশে চলবে আন্তঃনগর ট্রেন। তবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে।


এদিকে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, দেশব্যাপী ছাত্র আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই থেকে গত ৫ আগস্ট পর্যন্ত আন্তঃনগর ট্রেনের কোচে অগ্নিসংযোগ, কোচের দরজা ও জানালার গ্লাস ভেঙে ফেলার ঘটনা ঘটে। এর মধ্যে গত ১-৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলাচল করে।


জামালপুর এক্সপ্রেসের ছয়টি কোচের জানালা, জয়ন্তিকা এক্সপ্রেসের ১৩টি কোচের ৫৮টি জানালা ও ১৮টি দরজা এবং পারাবত এক্সপ্রেসের ১৬টি কোচের ১৪১টি জানালা ও ২৭টি দরজার কাচ ভাঙচুর হয়।


চিঠিতে বলা হয়, বর্তমানে রেকগুলো আখাউড়া ও ময়মনসিংহে রয়েছে। ক্ষতিগ্রস্ত কোচগুলো বেজ স্টেশন এবং পাহাড়তলী শেডে পাঠিয়ে মেরামত করতে হবে, যা সময়সাপেক্ষে ব্যাপার।

ads
ads
ads

Our Facebook Page

↑